বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগর আমীর, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, দীর্ঘদিনের বিধ্বস্ত দেশকে পুনর্গঠন এবং আমাদের মাতৃভূমিকে ধর্মহীন করার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। পতিত আওয়ামীলীগ সরকার দেশের বিভিন্ন অঙ্গন থেকে ইসলামকে চিরতরে মুছে ফেলতে চেয়েছিল।
আজ মঙ্গলবার(১০সেপ্টেম্বর)চট্টগ্রাম চকবাজার দারুল উলুম আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, আল্লাহ তায়ালা নিজস্ব রহমত দিয়ে তাঁর দ্বীনকে রক্ষা করেছেন। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আলেম-ওলামারা সর্বদা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছেন। আমাদেরকে ইসলামী মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনে অটুট থাকতে হবে। ইসলামী মূল্যবোধ নিয়ে এদেশে আর কোনদিন ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এখন সময় এসেছে সমস্ত অবিচার, দুর্নীতি ও জুলুমের বিচার দাবি করার।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দারুল উলুম আলিয়া ও বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আলেম ওলামাদের ভূমিকা সবচাইতে বেশি ছিল। এই দেশ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করার জন্য ওলামায়েকেরাম উল্লেখযোগ্য অবদান রেখেছেন। আলেমরা যদি না থাকতো, আসমান ও জমিনের কোন অস্তিত্ব থাকতো না। হাদিস শরীফে উল্লেখ আছে, কিয়ামতের একটি অন্যতম নিদর্শন হচ্ছে কুরআন ও হাদিসে ইলম উঠে যাওয়া। ইলম উঠে যাওয়া মানে হচ্ছে হক্কানি-রাব্বানি আলেমদেরেক পৃথিবীর থেকে তোলে নেওয়া। এই আলেমদেরকে তোলে নেওয়ার মধ্যে দিয়ে কিয়ামত নিকটবর্তী হবে, কিয়ামতের পরিবেশ তৈরি হবে। এই জন্য আলেম ওলামারা দেশের রাহাবার, নকিব উম্মতের পথপ্রদর্শক।
চকবাজার থানা জামায়াতের সেক্রেটারি আব্দুল হান্নানের সঞ্চালনায় ও চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান ড. মাওলানা মাহমুদুল হাসান, চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহসিন ভূঁইয়া, চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওবায়েদুল্লাহ, বাকলিয়া ইসকপ জামে মসজিদের খতিব মাওলানা মমতাজুর রহমান, সলিমা সিরাজ মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হামেদ হাসান, চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী, সীতাকুন্ড আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা সেলিম জাহাঙ্গীর, চন্দনপুরা জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন, সলিমা সিরাজ মহিলা মাদ্রাসার উপাধ্যক্ষ মহসিন আল হোসাইনী, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি তানজির হোসেন জুয়েল প্রমুখ।











