বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে। পরাজিত ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান হতে হবে, যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের বাসায় তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল। দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশের ফায়দা করেছে শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেয়েই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চালাচ্ছে, তাই দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি।
তিনি আরও বলেন, মুক্তচিন্তার মানুষদেরকে হয়রানিমুক্ত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে।
সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ জুলাই সিলেটে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব। তিনি দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন।











