বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ইসলামের সু-মহান আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়। রাষ্ট্র সংস্কারের জন্য আগে মানুষ হিসেবে নাগরিক হিসেবে নিজের সংস্কার প্রয়োজন।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হাজারীবাগ পূর্ব থানা জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. শফিকুল ইসলাম বলেন, ইসলাম ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব হবে না। জাহেলিয়াত বা অন্ধকার যুগে মানুষ যখন আলো খুঁজছে তখন মানুষ আল্লাহর বিধানের দিকে কুরআনের পথে ধাবিত হয়েছে। এজন্যই আলোর পথ খুঁজে পাওয়া গেছে। তাই কুরআনের পথে ফিরে আসলেই বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি আদর্শ রাষ্ট্র।
তিনি বলেন, সোনার বাংলার জন্য আগে সোনার মানুষ তৈরি করতে হবে। সোনার মানুষ তৈরি করতে জামায়াতে ইসলামী কাজ করছে। নৈতিকতা, আদর্শ ও চরিত্রবান নাগরিক তৈরি করার সেরা সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য আন্দোলন করে না, জামায়াতে ইসলামী আন্দোলন করে ইসলামের সু-মহান আদর্শের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। একটি চক্র রয়েছে যারা প্রচার করে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জঙ্গিবাদে দেশ ধ্বংস হয়ে যাবে। তাদের ঐ অপপ্রচারের চ্যালেঞ্জ দিয়ে বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জঙ্গি মুক্ত বাংলাদেশ হবে। জামায়াতে ইসলামীর নিজেস্ব কোন তন্ত্রমন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী কুরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
ড. শফিকুল ইসলাম বলেন, ছাত্র-জনতার বিপ্লব আল্লাহর সাহায্য ও বিজয়, আল্লাহ নিজে কুরআনে বলেছেন যখন আমার সাহায্য ও বিজয় তোমরা পাবে তখন মানুষ দলে দলে তোমাদের দিকে ছুঁটবে। আজকে মানুষ জামায়াতে ইসলামীর দিকে ছুঁটছে দেখে অনেকেই হতাশায় ভুগছে। তাদেরকে আল্লাহর বানী বিশ্বাস করার আহ্বান জানাই।
ড. মাসুদ আরো বলেন, জামায়াতে ইসলামী মনে করে এখন মহাসমাবেশ করার সময় নয়, এখন ছাত্র-আন্দোলনে শহীদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং আহত ভাই-বোনদের চিকিৎসা সহ সার্বিক খোঁজ-খবর রাখতে হবে। আর জামায়াতে ইসলামী সেটাই করছে। এসময় তিনি উপস্থিত দায়িত্বশীলদের জনগণের পাশে থাকার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিনের শুরা সদস্য ও হাজারীবাগ পূর্ব থানা আমীর শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং হাজারীবাগ পূর্ব থানা সেক্রেটারী হাসান আল বান্না’র পরিচালনায় অনুষ্ঠিত ইউনিট দায়িত্বশীল সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও হাজারীবাগ-কামরাঙ্গীচর জোনের পরিচালক প্রফেসর নুর নবী মানিক, সহকারী পরিচালক শরিফ উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আবদুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আবদুল বারী আকন্দ ও আশরাফুল ইসলাম ফারুক। এছাড়াও আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম সান্টু, ইঞ্জিনিয়ার এনামুল হক, মো. ইউসুফ খান, আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার মামুন অর রশিদ, দেলোয়ার হোসেন, মোহাম্মদ ফয়সাল, আশিকুর রহমান প্রমুখ।











