spot_img
spot_img

ইসলাম প্রতিষ্ঠা হলে সর্বত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে : মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, আমরা লুটেরা ও দুর্নীতিবাজদের দেখতে চাইনা। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সকল দলমত, ধর্মবর্ণের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এ জন্য প্রয়োজন ইসলামী অনুশাসন। ইসলাম প্রতিষ্ঠা হলে সর্বত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা হবে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদবাগ চৌরাস্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, ছাত্র-জনতার রক্তস্নাত সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বিজয়ে দেশবাসী আশা করেছিল, দখলদারি-চাঁদাবাজি বন্ধ হবে, কিন্তু এটি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির যথাযথ উন্নতি এখনো পর্যন্ত হয়নি। বিভিন্ন স্থানে দখলদারি, সন্ত্রাস, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনা বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়ছে না। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী দুঃশাসনের দেশের টাকা লুটপাট করে বিদেশে পাঁচার করেছে, সেই সকল দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণার করতে হবে। সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ফলে কালো টাকার মালিক, সন্ত্রাস ও দুর্নীতিবাজরা নির্বাচনে বিজয়ী হতে পারবে না।

শরীয়তের বিধান বোরকা নিয়ে শিল্পকলার নতুন ডিজির আপত্তিকর বক্তব্যে নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ইসলামের বিধি-বিধান নিয়ে কটুক্তিকারী ড. সৈয়দ জামিল আহমেদকে অপসারণ করতে হবে। তার বোরকা, দাঁড়ি ও টুপির বিরুদ্ধে কথা বলেন, তিনি কখনো হিন্দুদের শাঁখা সিঁধুরের বিরুদ্ধে বলেন না! কখনো বৌদ্ধদের গেরুয়া পোশাকের বিরুদ্ধে বলেন না! কখনো খ্রিস্টানদের ক্রুশের বিরুদ্ধে বলেন না! সুতরাং তিনি ধর্ম নিরপেক্ষ নন, তিনি ইসলামবিদ্বেষী। সৈয়দ জামিন আহমেদকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে মেনে নেওয়া যায় না।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের জোর করে পদত্যাগে বাধ্য করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এধরণের ঘটনা কোনভাবেই কাম্য নয়। আইন নিজের হাতে তুলে না নিয়ে কোনো শিক্ষকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। দলের নায়েবে আমীর আরও বলেন, আমরা ইসলামের আলোকে দেশকে পরিচালিত করবো। আদর্শিক পরিবর্তনের মাধ্যমে দেশকে চোর-ডাকাতমুক্ত দেশ হিসেবে গড়তে চাই।

ইসলামী আন্দোলনের কদমতলী থানা শাখা সভাপতি মাওলানা মাসউদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ ওসমান গণী নবী, হাফেজ মাওলানা রশীদ আহমাদ, মিজানুর রহমান, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মুফতী গোলাম রব্বানী, হাজী মাসুম আহমেদ, মাহমুদুল হাসান। কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, মুফতী শওকত ওসমান, এম জসিম খাঁ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ