spot_img
spot_img

১০০ বছরেও আ.লীগ ঘুরে দাঁড়াতে পারবে না : জয়নাল আবদীন ফারুক

আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক।

তিনি বলেন, অহংকার করে আওয়ামী লীগের পতন হয়েছে, আমি বিশ্বাস করি আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) উদ্যোগে আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

জয়নাল আবদীন ফারুক বলেন, আমার দুঃখ লাগে শেখ হাসিনার জন্য, কষ্ট হয়। তিনি প্রায় ১৬ বছর বাংলাদেশের চিফ জাস্টিস থেকে শুরু করে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজের হাতের মুঠোয় রেখে তছনছ করে দিয়েছেন শুধু আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য। সেই দানব ব্যক্তিটি এখন পলাতক, তার কর্মের জন্য।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা নয় মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, হোসাইন মোহাম্মদ এরশাদ, যিনি ক্ষমতা দখল করে চোর-বাটপার হিসেবে পরিচিত ছিলেন, তিনি যদি পালিয়ে না গিয়ে জেলে গিয়ে আবার ১৮-২০টি আসন নিয়ে সংসদে আসতে পারেন, আপনার (শেখ হাসিনা) যদি সেই সততা থাকত, আপনার অতীতের ১৬ বছরের কথাগুলো যদি সত্য হতো, আপনার অহংকার যদি সত্য হতো, আপনি পালিয়ে না গিয়ে যদি এ দেশে থাকতেন, তাহলে বুঝতাম আপনি শেখ মুজিবের কন্যা। আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবের কন্যা। আপনাকে মানুষ অবিশ্বাস করেছে, আপনার অতীতের কার্যকলাপ, দুর্নীতি সব এ দেশে প্রমাণিত হয়েছে।

জয়নাল আবদীন ফারুক বলেন, ড. ইউনূস সব জঞ্জালমুক্ত একটি নির্বাচন দেবেন ১৯৯১ সালের মতো। সেই নির্বাচনের মাধ্যমে আমার প্রিয় নেতা বাংলাদেশে আসবেন, জনপ্রতিনিধি হবেন, সরকার গঠন করবেন।

আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ