ভারতের ব্যাঙ্গালুরুতে এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভারতে বসবাসকারী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা বিধান করা ভারত সরকারের দায়িত্ব। বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করার ঘটনার মাধ্যমে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের নিরাপত্তা বিধানে ভারত সরকারের চরম ব্যর্থতাই প্রমাণিত হলো। এমন মানবতাবিরোধী ঘটনা জাতিসংঘ সনদেরও পরিপন্থী। আমি আশা করি ভারত সরকার বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা করার ঘটনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ঐ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন।
এ ঘটনার ব্যাপারে ভারত সরকারের নিকট কড়া প্রতিবাদ জানানোসহ প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত সেক্রেটারি জেনারেল।
আলাদা বিবৃতিতে একই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
সূত্র: বাসস











