spot_img
spot_img

ছাত্রদের জায়গা ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে কমিটি গঠন তাদের দুর্নীতির দিকে প্রভাবিত করবে: রিজভী

ছাত্রদের জায়গা হচ্ছে ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে কমিটি গঠন তাদেরকে দুর্নীতির দিকে প্রভাবিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, তাই ছাত্র যারা তাদের জায়গা হচ্ছে ক্যাম্পাস। ছাত্ররা যদি প্রতিটি মন্ত্রণালয়ে কমিটি গঠন করছে। তাহলে তো ব্যবসায়ীরা তাদের পিছে ছুটবে। বালিশের নিচে টাকা দিয়ে আসবে। তাদের দুর্নীতির দিকে প্রভাবিত করবে।’

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে ভাসানী হলে ‘ঠিকানা বাংলাদেশের’ কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

ছাত্রদের প্রতি পরামর্শ দিয়ে তিনি বলেন, ছাত্রদের জায়গা ক্যাম্পাসের সবুজ চত্বর। সেখানে গলা উঁচিয়ে চিৎকার করুন, হাসিনার মতো শাসন আমরা চাই না। কেউ যেন তার মতো না হয়। তাহলে মানুষ শুনবে।

কুমিল্লায় এক বিএনপির কর্মীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, ‘দেশে শঙ্কা দিন দিন বাড়ছে। কেউ অন্যায় করলে গ্রেফতার করা হোক। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মেরে ফেলবে কেন! হাসিনার আমলের মতো বিচার বহির্ভূত হত্যা কেন ঘটবে?

ড. ইউনূস নির্বাচিত সরকার না হলেও রাজনৈতিক দল ও এদেশের মানুষের সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তার (ড. ইউনূস) আমলে হাসিনার শাসনামলের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো অবস্থাতে কাম্য নয়। তাই অন্তর্বর্তী সরকারকে বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করতে হবে।’

রিজভী বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের বিরুদ্ধেও ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ