সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া হলে সেটা হবে নির্বাচনের জেনোসাইড বা গণহত্যা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। মৌলিক কিছু সংস্কার করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এ অবস্থায় নির্বাচন দেওয়া হলে এটা হবে নির্বাচনের জেনোসাইড বা নির্বাচন গণহত্যা। আমরা এটা চাই না। আমরা চাই সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পর নির্বাচন।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর আমির ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রসঙ্গে বলেন, ডেভিল আছে এই সমাজে। সেই ডেভিল হান্ট যদি হয় তবে দেশের ১৮ কোটি মানুষ যৌথবাহিনীর যারা অভিযান পরিচালনা করবেন তাদের জন্য দোয়া করবেন এবং তাদের সঙ্গে থাকবেন।
নির্বাচিত সরকার সবসময় ভালো হয় না মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচিত সরকার দাবি করে ১৫ বছর ফ্যাসিস্টরা ক্ষমতা আঁকড়ে ছিল। তারাই তো দেশের এই অবস্থা করে গেছেন। সরকার নির্বাচিত হলেই যে ভালো হবে, তা বলা যাবে না। ভালো সরকার হতে হলে ভালো মানুষের দ্বারা সরকার গঠিত হতে হবে। যাদের অতীত ভালো, বর্তমান ভালো, তাদেরকে দিয়েই ভবিষ্যৎ ভালো হবে। এটা আশা করা যায়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশ স্বাধীনের পর থেকে কখনো একটু ভালো হয়েছে, কখনো খারাপ হয়েছে। কিন্তু খুব ভালো কখনো ছিল না। খুব ভালো কখনো হবে না। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত সঠিক না হবে। ওই সিদ্ধান্ত যখন সঠিক হবে, সততা ও স্বচ্ছতার ভিত্তিতে হবে তখন শুধু আইনশৃঙ্খলা নয় সবকিছুর উন্নতি সাধিত হবে।
জামায়াত এখনো জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেনি উল্লেখ করে সংগঠনটির আমির বলেন, জামায়াত এখনো অফিসিয়ালি প্রার্থী ঘোষণা করেনি। এটা প্রাথমিক সিলেকশন। ইলেকশন এখনো অনেক দূর। ইলেকশন কাছে আসলে দল ফাইনাল সিদ্ধান্ত নেবে। তখন যাদেরকে নমিনেশন দেবে তারাই প্রার্থী হবে।











