ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, যেই ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, সেই ঐক্যে ফাটল দেখা যাচ্ছে। দেশ ও জাতির স্বার্থে সব দলকে বুঝতে হবে, ঐক্যবদ্ধ জাতিকে পরাজিত করা যায় না।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ইফতার মাহফিল তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য, আমরা বৃটিশদের ২০০ বছরের শাসন-শোষন থেকে মুক্ত হয়েও স্বাধীনতা পাইনি। ১৯৭১ সালে পাকিস্তানের শাসন-শোষণ থেকে মুক্ত হয়েও স্বাধীনতা পাইনি। সবশেষ ২০২৪ সালে ২য় স্বাধীনতা যেই ঐক্যের ভিত্তিতে অর্জন হয়েছে সেই স্বাধীনতাও ৫-৬ মাসের ব্যবধানে হুমকির মুখে পড়তে যাচ্ছে বলে মনে হচ্ছে।
তিনি বলেন, সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অভাবে বাংলাদেশ বারবার পথ হারাচ্ছে। জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব। জনগণ যদি একবার সেই সুযোগ দেয়, জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধ দেশ জাতিকে উপহার দিবে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মাহফিরে আরো বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী মোহাম্মদ কামাল হোসেন ও শামছুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট এস. এম কামাল উদ্দিন, আবদুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আব্দুস সাত্তার সুমন প্রমুখ।











