দেশের ৭৫ ভাগ মানুষ বিএনপির সাথে এবং আগে সংসদ নির্বাচনের পক্ষে রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, একটি মহল আগে স্থানীয় নির্বাচন চেয়ে ফ্যাসিবাদীদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিতে চায়, যাদের অতীতেও সাজানো নির্বাচনে অংশ নিয়ে তাদের সহযোগিতার ইতিহাস রয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন, নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করে খুনি হাসিনার সকল অপকর্মের বিচার করবে, বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের বিনা দোষে জেল হাজতে রাখা হয়েছিলো, তাদেরকে কোর্টে আনা নেয়ার সময় হ্যান্ডকাপ পরিয়ে কোমরে রশি বেধে রাখা হত, অথচ বর্তমানে দূর্নীতিবাজ, অর্থ পাচারকারীদের জামাই আদরে কোর্টে আনা নেয়া করা হচ্ছে।
তিনি বলেন, দেশের প্রশাসনে এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মারা বসে আছে এবং তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালাচ্ছে, একজন ডিসি একটা দলের জন্য ৫ টা গাড়ি রিকুইজিশন চায়, এভাবে দেশের জেলা থেকে সর্বোচ্চ পর্যায়ে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে।
মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর উল্যাহ খাঁনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, সিনিয়র যুগ্ন আহবায়ক আমিন উল্যাহ বিএসসি, ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম রুবেল প্রমুখ।











