গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একজন অমায়িক, জনবান্ধব নেতা। তিনি মেয়র পদে বসলে ঢাকাবাসী যোগ্যনেতা পাবে।
শনিবার (১৭ মে) সামাজি যোগাযোগ মাধ্যম ফেসবুক বার্তায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খান লিখেন, জাতীয় নাগরিক কমিটির নেতা মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তরের প্রশাসক করেছে জাতীয় নাগরিক পার্টি! দক্ষিণেও আরেকজন নিজেদের লোক বসানোর সবকিছু রেডি হয়ে গিয়েছিল। কিন্তু সমস্যা হয়ে যায় আদালতের রায়। ২০২০ সালের সিটি নির্বাচনের কারচুপি নিয়ে তরুণ নেতা ইশরাক হোসেন তখনই আদালতে মামলা করে রেখেছিলেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আদালত তার পক্ষে রায় দেয়। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনোভাবেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে বসতে দেবে না। কারণ এতে ঢাকার ক্ষমতা এনসিপির হাত থেকে বের হয়ে যাওয়ার ভয় রয়েছে।
তিনি লিখেন, আরে ভাই, মোহাম্মদ এজাজ যদি প্রশাসক হতে পারে, আদালতের রায় অনুযায়ী তো তার আগে উদীয়মান নেতা ইশরাক হোসেনের চেয়ারে বসার কথা। স্বৈরাচারবিরোধী আন্দোলনে ইশরাক হোসেনের অবদান কি কারও অজানা? তোমরা মোহাম্মদ এজাজকে মানতে পারলে ইশরাক হোসেনকে আদালতের রায় অনুযায়ী মেনে নিতে সমস্যা কি? বলে রাখা ভালো, ২০২০ সালের পরপরই মামলা করে রাখার কারণে ইশরাক হোসেনের চেয়ারে বসার লিগ্যাল গ্রাউন্ড আছে। গণঅভ্যুত্থানের পরে মামলা করলে সেটার লিগ্যাসি থাকত না। অতীতের মামলা হওয়ার কারণে মামলার মেরিট রয়েছে।
তিনি আরও, ইশরাক হোসেন একজন অমায়িক, জনবান্ধব নেতা। সে মেয়র পদে বসলে ঢাকাবাসী যোগ্যনেতা পাবে। আর এটা তার হক। সে কোনো অন্যায় আবদার করছে না। অতীতে তাকে বঞ্চিত করা হয়েছে। মেয়র হিসেবে গুন্ডা তাপসকে নয়, ইশরাক হোসেনকেই ভোট দিয়ে নির্বাচিত করেছিল জনগণ।










