spot_img
spot_img

সুদানে এক সপ্তাহে ১৭০ এর অধিক লোকের কলেরায় মৃত্যু হয়েছে; আক্রান্ত ২,৭০০

যুদ্ধবিধ্বস্ত সুদানে গত এক সপ্তাহে ১৭০ এর অধিক লোকের কলেরায় মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) মিডল ইস্ট মনিটরের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে গত এক সপ্তাহে ১৭২ জনের কলেরায় মৃত্যু হয়েছে ও আক্রান্ত হয়েছে ২,৭০০ জন মানুষ।

বিবৃতিতে আরও বলা হয়, আক্রান্তদের ৯০ শতাংশই খার্তুমে, যেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেনাবাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর মধ্যে চলমান সংঘর্ষের কারণে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সুদানে মোট কলেরা আক্রান্তের সংখ্যা ৬০,৯৯৩ জনে পৌঁছেছে এবং মৃত্যুর সংখ্যা ১,৬৩২ জন।

এর আগে ২০২৪ সালের আগস্টে, সুদানি কর্তৃপক্ষ কলেরাকে একটি জাতীয় মহামারি হিসেবে ঘোষণা করেছিলো।

সংবাদমাধ্যমের তথ্যমতে, সম্প্রতি দেশটির সেনাবাহিনী খার্তুম রাজ্যের বেশিরভাগ এলাকায় নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে, যেখানে রাজধানী খার্তুম, বাহরি, ওমদুরমান এবং পূর্ব নীল অঞ্চল অন্তর্ভুক্ত।

সুদানের অন্য ১৭টি রাজ্যের মধ্যে আরএসএফ বর্তমানে শুধুমাত্র উত্তর ও পশ্চিম কোরদোফানের কিছু অংশ, দক্ষিণ কোরদোফান ও ব্লু নীল রাজ্যের কিছু অংশ এবং দারফুর অঞ্চলের পাঁচটির মধ্যে চারটি রাজ্যে আংশিক নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের নিয়ন্ত্রণ নিয়ে সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে সংঘর্ষ চলছে, যার ফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং এটি বিশ্বের অন্যতম মানবিক সংকটে পরিণত হয়েছে।

জাতিসংঘ ও স্থানীয় কর্তৃপক্ষের মতে, এখন পর্যন্ত ২০ হাজারের অধিক মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১.৫ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে মার্কিন গবেষকদের একটি গবেষণায় বলা হয়েছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা প্রায় ১লক্ষ ৩০ হাজার হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ