জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শিক্ষকদের প্রশংসনীয় ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্ররা জীবন দিয়ে নতুন করে যেভাবে দেশ স্বাধীন করেছে সেখানে শিক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। নতুন সমাজ গঠনে তাদেরকে আবারো অগ্রণী ভূমিকায় থাকতে হবে।
শনিবার (২৬ জুলাই) রংপুরের তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কামিল মাদরাসার হল রুমে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশ, জাতি এবং সমাজ পরিবর্তনে একটি বড় ভূমিকা পালন করেন শিক্ষক সমাজ। তারা মানুষকে উৎসাহ দেওয়ার মাধ্যমে, দ্বীন ও ইসলামের পরিপূর্ণ শিক্ষা দিয়ে রাষ্ট্র এবং সমাজের পরিবর্তন করতে পারেন। এ কারণে শিক্ষকদের সবাই সম্মান ও শ্রদ্ধার চোখে দেখে।
তিনি আরও বলেন, শিক্ষকদের সঠিক শিক্ষা ও দিক নির্দেশনায় শিক্ষার্থী এবং যুব সমাজ সঠিক পথে এগিয়ে যাবে। তাই শিক্ষকদের দ্বীনি শিক্ষার পাশাপাশি ইসলামের সঠিক জ্ঞান ছাত্রদের জানাতে হবে, যেন আগামীতে তারা শিক্ষা ও সহবতে একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠে।











