গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচার, জুলুম ও নির্যাতনে সকল শহীদ পরিবারের পাশে বিএনপি আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
তিনি বলেন, বিএনপি’র বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৫ বছরে গুম হওয়া সকল পরিবারের শিশুদের পাশে দাঁড়িয়েছেন। শিশুদের পড়াশোনাসহ সকল ধরনের দায়িত্ব নিয়েছেন তিনি। তিনি সকল শহীদ পরিবারের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে- ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর যৌথ কর্মসূচি ‘গণতান্ত্রিক পদযাত্রায়-শিশু’-শীর্ষক পদযাত্রা ও শহীদ পরিবারের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া শিশুদের অধিক গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে মোর্শেদ হাসান খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের কাছে ছিলেন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। দেশনেত্রী খালেদা জিয়াও শিশুদের অধিক গুরুত্ব দিতেন।
শিশুদের অধিকার আদায়ে গত ১৫ বছরে বিভিন্ন কর্মসূচীর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে শিশুদের অধিকার রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি)।











