নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।
তিনি বলেন, ‘একটা জাতিকে ধ্বংস করতে আগে শিক্ষাব্যবস্থা ধ্বংস করতে হয়। তারা (আওয়ামী লীগ) সেটাই করেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় বেগম আয়েশা অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে যত বড় অফিসারই হও না কেনো, কোনো প্রকার দুর্নীতি, সন্ত্রাসী কার্যক্রম কিংবা মাদকের সঙ্গে জড়াবে না।’
গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. জিয়াউল করিম মোড়ল রিফাতের সভাপতিত্বে ও শ্রীপুর পৌর ছাত্রদল নেতা এসএম আব্দুল্লাহ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, মুক্তারুল করিম শামীম, অ্যাডভোকেট আবু জাফর সরকার, অ্যাডভোকেট আহসান কবির প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।











