spot_img

কিছু দেশ আফগানিস্তানকে একঘরে করার চেষ্টা করছে: মাওলানা আব্দুল কবির

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রী মাওলানা আব্দুল কবির বলেছেন, কিছু দেশ ইমারাতে ইসলামিয়াকে একঘরে করার চেষ্টা করছে। তবে বাস্তবে ইমারাতে ইসলামিয়া নয়, বরং ওই দেশগুলোই ক্রমশ বিচ্ছিন্নতার দিকে এগোচ্ছে, আর বিশ্ব তাদের ওপর আস্থা হারাচ্ছে।

শুক্রবার (৯ জানুয়ারি) খোস্ত প্রদেশে আয়োজিত একটি দস্তার-বন্দি (পাগড়ি পরানোর) অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল কবির বলেন, অঞ্চল ও বিশ্বের সঙ্গে ইমারাতে ইসলামিয়ার সম্পর্ক লাভজনক ও গুরুত্বপূর্ণ। তিনি জানান, আফগানিস্তান বহু দেশের সঙ্গে ইতিবাচক অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রেখেছে।

তিনি প্রতিবেশী দেশগুলোতে আফগান শরণার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের সমালোচনা করেন এবং সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি শরণার্থীদের সঙ্গে আরও মানবিক ও সহনশীল আচরণ করার আহ্বান জানান।

শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রী বলেন, ইসলামী ব্যবস্থার বিজয়ের পর দেশে অর্থনীতি ও রাজনীতির পাশাপাশি বৈজ্ঞানিক ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি সমাজে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রসারের পাশাপাশি দখলদারিত্ব পরাজিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, ইমারাতে ইসলামিয়া দেশের সব প্রদেশে হাজার হাজার অভাবগ্রস্ত প্রত্যাবাসিত পরিবারের জন্য নগদ সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণের একটি কর্মসূচি প্রস্তুত করেছে। এই কর্মসূচি খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ