ফরিদপুরকে বিভাগ করার যে দাবি রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেলে তা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এজন্য ১২ ফেব্রুয়ারির ভোটে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান।
তিনি বলেন, বিএনপি জনগণের দাবি ও আঞ্চলিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এলে ফরিদপুর বিভাগ গঠনের উদ্যোগ নেওয়া হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
ফরিদপুরের অন্যতম সমস্যা নদী ভাঙন সমাধানের প্রতিশ্রুতিও দেন তিনি। পাশাপাশি পানি সংকট সমাধানে পদ্মা ব্যারেজ নির্মাণের কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। কৃষকদের সহযোগিতা এবং কর্মসংস্থান বাড়ানোর কথাও বলেন। এজন্য দলটির প্রতিশ্রুত ‘কৃষক কার্ড’ সুবিধার কথা তুলে ধরেন তিনি।
জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণ তাদের ‘গুপ্ত’ নামে ডাকে। সময় হলে তাদের এক রূপ, আবার অন্য রূপ। এরা শুধু রূপ পরিবর্তন করে তা নয়, জনগণের ওপর তাদের আস্থা ও বিশ্বাস নেই। তার উদাহরণ, মেয়েদের নিয়ে গুপ্তদলের প্রধান অত্যন্ত নোংরা কথা বলেছেন। তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। একাত্তরে তাদের ভূমিকা দেখেছে মানুষ।
তিনি বলেন, তারা মুখে বলবে একরকম, কাজ করবে অন্যরকম। যারা নিজের দেশের মা-বোনের বিরুদ্ধে অবস্থান নেন, খারাপ কথা বলেন, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। যারা অনৈতিকভাবে কাজ শুরু করেছে, তারা কীভাবে সৎ মানুষের শাসন দেবে, সেই প্রশ্নও তুলেন তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান জানান, তার দল ক্ষমতায় গেলে জনগণের শাসন কায়েম করা হবে। জনগণের কাছে জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করা হবে। দেশ গঠন এবং মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায় বিএনপি।











