বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন মাহদী আমীন অভিযোগ করেছেন, একটি দল ভোটারদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্র থেকে দূরে রাখার চেষ্টা করেছে। তিনি বলেন, এসব ঘটনা না ঘটলে ভোটার উপস্থিতি আরও বেশি হতে পারত। একই সঙ্গে তিনি দাবি করেন, ভোটারদের নিরুৎসাহিত করতে বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও ঘটেছে।
মাহদী আমীন বলেন, “একটি দল ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের ভোটকেন্দ্র থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। এসব ঘটনা না ঘটলে ভোটার উপস্থিতি আরও বেশি হতে পারত।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমীন বলেন, বিএনপি ও প্রতিপক্ষ রাজনৈতিক দলের মধ্যে দৃশ্যমান পার্থক্য ঠেকাতেই গত রাত থেকে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটানো হয়েছে এবং ভোটারদের নিরুৎসাহিত করতে বিভিন্ন স্থানে ভয়ভীতি দেখানো হয়েছে।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নির্বাচনে সহিংসতায় আহত ও নিহতদের পরিবারের প্রতি বিএনপির সমবেদনা রয়েছে।
তিনি অভিযোগ করেন, নির্বাচনকে বিতর্কিত করতে বিভিন্ন এলাকায় সহিংসতা, কারচুপি ও কালো টাকার ব্যবহার হয়েছে। তিনি বলেন, কোথাও আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গেছে, জাল ভোট দেওয়ার অভিযোগ এসেছে এবং অনেক ভোটার নিজের ভোট দিতে পারেননি।
তার দাবি, স্থানীয় ভুয়া পর্যবেক্ষক তৈরি করে এক ধরনের “মব” সৃষ্টি করা হয়েছে, যার ফলে ভোটার উপস্থিতিতে বাধা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, বিষয়টি আগেই নির্বাচন কমিশনকে জানানো হলেও আরও সমন্বিত পদক্ষেপ নিলে পরিস্থিতি ভালোভাবে নিয়ন্ত্রণ করা যেত।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মনে ভীতি তৈরির চেষ্টার অভিযোগ করে তিনি বলেন, বিএনপির বিজয় অনিবার্য, এটি স্তিমিত করার অপচেষ্টা সফল হবে না। তিনি জনগণকে ভোটের ফলাফল নিশ্চিত করতে সজাগ থাকার আহ্বান জানান এবং দলের নেতা কর্মীদের সঠিক গণনা ও ফলাফল ঘোষণায় কোনো অসংগতি না হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন।
তিনি বলেন, “ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় গণতন্ত্রেরই বিজয় হবে। বাংলাদেশের বিজয় আসন্ন, ইনশাআল্লাহ।”











