ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ এবং না এর পক্ষে ৩০ শতাংশের কম। নির্বাচন কমিশন বলেছে, এ হিসেবে গণভোটের পক্ষে দেশের জনগণ গণরায় দিয়েছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “সারা দেশের কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। ফল প্রাপ্ত আসনগুলোর সামগ্রিক ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।”
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। বছর ২০২৬।
নির্বাচন কমিশন জানিয়েছে, এ নির্বাচনে ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ২৯৯ আসনের ভোটে ৫০টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ২ হাজার ২৮ জন। ইসি সূত্রে জানা গেছে, আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটের হার প্রায় ১৮ শতাংশ বেশি। কমিশনের কর্মকর্তারা বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি ভালো থাকায় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বেড়েছে।
গণভোটে হ্যাঁ পক্ষ পেয়েছে ৪,৮০,৭৪,৪২৯ ভোট এবং না এর পক্ষে পড়েছে ২,২৫,৬৫,৬২৭ ভোট।
বিএনপি পেয়েছে ২১১টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি ৬টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি ১টি, গণ সংহতি আন্দোলন ১টি, গণ অধিকার পরিষদ ১টি, বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি, খেলাফত মজলিশ ১টি এবং স্বতন্ত্র প্রার্থী ৭টি আসন, মোট ২৯৯ আসনে।











