শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

২৯৭ আসনের ফল ঘোষণা : বিএনপি জোট ২১২, জামায়াত জোট ৭৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

আখতার আহমেদ বলেন, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে এবং এই দুটি আসনের ফল পরে ঘোষণা করা হবে। তিনি জানান, একটি আসনের ফল আগেই স্থগিত করা হয়।

ইসি সচিব বলেন, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে এবং এবারের নির্বাচনে গণভোটে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ।

ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭ আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন এবং স্বতন্ত্ররা পেয়েছে ৭টি আসন।

আখতার আহমেদ জানান, বিএনপি একক দল হিসেবে পেয়েছে ২০৯টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ১টি, গণ সংহতি আন্দোলন ১টি এবং গণ অধিকার পরিষদ ১টি আসন পেয়েছে।

ইসি সচিব বলেন, “দ্রুত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে। রিটার্নিং অফিসারের তথ্যের সঙ্গে মিলিয়ে নেয়ার পরই নির্ভুলভাবে গ্যাজেট প্রকাশ করবে ইসি।” তিনি আরও বলেন, “কে শপথ পড়াবেন সেটি বলার এখতিয়ার ইসির নেই।”

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ