ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হক্কানী বলেছেন, আফগানিস্তানের নিরাপত্তা নিশ্চিত করা মানে অঞ্চল ও বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করা। ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তারা বারবার এ বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন।
ষষ্ঠ পেশাগত পুলিশ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সিরাজউদ্দিন হক্কনী বলেন, কোনো অঞ্চলে অনিরাপত্তা সৃষ্টি হলে তা পুরো বিশ্বের জন্যই অনিরাপত্তা হয়ে দাঁড়ায়। তাই প্রতিবেশী দেশ, আঞ্চলিক শক্তি ও বিশ্বকে এমন কৌশল ও নীতি গ্রহণ করতে হবে, যা আফগানিস্তানের স্থিতিশীলতায় অবদান রাখে।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এই ব্যবস্থার ভিত্তি তাকওয়া ও কোরবানির ওপর প্রতিষ্ঠিত। ব্যক্তিগত প্রচারের পরিবর্তে সব মনোযোগ ব্যবস্থার মূল্যবোধের দিকে দিতে হবে। নৈতিক সক্ষমতাকে এমন পর্যায়ে উন্নীত করতে হবে, যাতে তা দায়িত্ব-সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে প্রভাব ফেলতে পারে।
তিনি আরও বলেন, ইসলামি আকিদা ও পেশাগত প্রশিক্ষণে সজ্জিত কর্মকর্তারাই জনগণকে মূল্যবান সেবা দিতে সক্ষম। দেশের নিরাপত্তা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য পুলিশের পেশাদারীকরণকে তিনি দেশের স্থিতিশীলতার মৌলিক শর্ত হিসেবে উল্লেখ করেন।
একজন ইসলামি পুলিশ কর্মকর্তার প্রধান গুণ হিসেবে তিনি তাকওয়া, পেশাদারিত্ব ও দায়িত্বের প্রতি আত্মনিবেদনকে তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ পুলিশ ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি শিক্ষা ও নৈতিক মানদণ্ডকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তির অনুপযুক্ত আচরণ ব্যবস্থার প্রতি জনগণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আহ্বান জানান, তাকওয়া, জনগণের সঙ্গে উত্তম আচরণ এবং আইন প্রয়োগের মাধ্যমে জনসেবার নীতিমালা সমুন্নত রাখতে হবে, যাতে জনগণের আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় হয়।
সূত্র: আরিয়ানা নিউজ











