মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পাখতুনখোয়ায় টাইম বোমা বিস্ফোরণ; নিহত ২ ও আহত ১৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি পুলিশ স্টেশনের নিকটে টাইম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ডন নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পাখতুনখোয়ার বান্নু জেলার মিরিয়ান পুলিশ স্টেশনের নিকটে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২জন নিহত ও ১৭ জন আহত হন।

পাখতুনখোয়া পুলিশ এক বিবৃতিতে জানায়, মিরিয়ান পুলিশ স্টেশনের দোকানগুলোর কাছে একটি মোটরসাইকেলে টাইম বোমা গুঁজে রাখা হয়েছিলো। এর বিস্ফোরণে শিশু সহ ২জন নিহত ও ১৭ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে।

বিস্ফোরণের ঘটনায় পুলিশ সদস্যরা অক্ষত থাকলেও আশপাশের সাধারণ লোকজন আহত হন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মেডিকেল টিচিং ইনস্টিটিউশন (এমটিআই) এর মুখপাত্র মুহাম্মদ নোমান খাত্তাব জানান, আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল এবং খলিফা গুল নওয়াজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়া বিস্ফোরণের ঘটনার পর বান্নু পুলিশের একটি বিশাল দল বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড (বিডিএস) এবং কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) সহ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। তদন্তের জন্য প্রমাণও সংগ্রহ করতে থাকে।

বোমা নিষ্ক্রিয়কারী দলের পক্ষ থেকে বলা হয়, তারা ঘটনাস্থল ও এর আশপাশের জায়গাগুলোতে কোনো ধরণের বোমা পুঁতে রাখা হয়েছে কি না তা খুঁজে দেখেছেন। সম্ভাব্য বিস্ফোরণজনিত হুমকির সময়োপযোগী এবং কার্যকর প্রতিরোধ নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্যমতে,, সাম্প্রতিক মাসগুলোতে পাখতুনখোয়ার বান্নু জেলা বারবার হামলার শিকার হয়। ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার জেরে বেসামরিক নাগরিক এবং স্থানীয় নিরাপত্তা বাহিনী উভয়ই হতাহত হচ্ছেন।

জানুয়ারিতে, বান্নুর ডোমেল এলাকায় এক বিস্ফোরণে দুটি ছেলে আহত হয়, যাদের একজন দুই সপ্তাহ পর মারা যায়।

এছাড়া এলাকাটির প্রাক্তন নাজিম (তত্ত্বাবধায়ক/স্থানীয় শাসক) ফিদা মুহাম্মদ খান ওয়াজিরও জানুয়ারির শুরুতে তার অফিসের বাইরে এক বিস্ফোরণে আহত হন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ