মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতসহ ১১ দলীয় জোটের নির্বাচিত এমপিরা দুটি শপথ নিয়েছেন। তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।
দুপুর ১২টা ২৪ মিনিটে সংসদ ভবনের শপথ রুমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
অন্যদিকে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও শেষ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। সংসদে অধিবেশন চালু হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন। বিএনপি বলেছে, বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে শপথের বিষয় নেই এবং প্রধান নির্বাচন কমিশনারেরও এ ধরনের শপথ পড়ানোর এখতিয়ার নেই।
এদিকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।











