গাজ্জায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীকে স্বাগত জানালেও এই অঞ্চলের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ মানবে না ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) হামাসের মুখপাত্র হাজেম কাসেম বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানান।
হামাসের মুখপাত্র কাসেম বলেন, ‘আন্তর্জাতিক বাহিনীর বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা এমন শান্তিরক্ষী বাহিনী চাই, যারা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে, এর বাস্তবায়ন নিশ্চিত করবে এবং গাজ্জার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে দখলদার সেনাবাহিনী এবং আমাদের জনগণের মধ্যে একটি বাফার হিসেবে কাজ করবে।’
বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পর্ষদের উদ্বোধনী বৈঠক হয়েছে। বৈঠকে গাজ্জায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেয় পাঁচটি দেশ।
বৃহস্পতিবার ওয়াশিংটনে শান্তি বোর্ডের উদ্বোধনী সভায় আইএসএফের কমান্ডার মেজর জেনারেল জ্যাসপার জেফার্স জানান, ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া সেনা পাঠাবে। মিশর ও জর্ডান সেনা পাঠানোর পরিবর্তে ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেবে।
সূত্র: আল আরাবিয়া











