প্রথম ভারতীয় নেতা হিসেবে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পার্লামেন্ট কনেসেটে ভাষণ দিয়েছেন ভরতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে তিনি গাজ্জা যুদ্ধে ইসরাইলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি এ ভাষণ দেন।
ভাষণে মোদি ঘোষণা করেন, পূর্ণ দৃঢ়তার সঙ্গে ভারত ইসরাইলের পাশে রয়েছে। ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে সংঘটিত হামলাকে তিনি “বর্বরোচিত” বলে নিন্দা করেন এবং বলেন, কোনো কারণেই বেসামরিক মানুষকে হত্যার বৈধতা দেওয়া যায় না।
ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়া প্রথম ভারতীয় নেতা হিসেবে মোদি দাঁড়িয়ে অভিবাদন পান। এর আগে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি মোদিকে “বন্ধুর চেয়েও বেশি, একজন ভাই” বলে অভিহিত করেন।
ভাষণে মোদি বলেন, জাতিসংঘ-সমর্থিত গাজ্জা শান্তি উদ্যোগকে ভারত সমর্থন করে। প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত ভারত-ইসরাইল সম্পর্ককে তিনি “বিশ্বস্ত অংশীদারিত্ব” হিসেবে বর্ণনা করেন।
২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারের অস্ত্র কিনে ভারত ইসরাইলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতায় পরিণত হয়েছে। এ ছাড়া ২০২৫ সালে ইসরাইরের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের ভারত সফরের সময় দুই দেশ একটি দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সই করে।
এদিকে দেশে মোদি বিরোধী রাজনীতিকদের সমালোচনার মুখে পড়েছেন। তাদের অভিযোগ, ইসরাইলের প্রতি তার এই ঘনিষ্ঠ অবস্থান ভারতের ঐতিহাসিক ফিলিস্তিন সমর্থনের নীতিকে আড়ালে ঠেলে দিচ্ছে।
সূত্র: আরিয়ানা নিউজ











