২০২৫ সালে বিশ্বজুড়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রেকর্ড ১২৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে দুই-তৃতীয়াংশের মৃত্যুর জন্য দায়ী ইসরাইল।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিউইয়র্ক ভিত্তিক সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে) তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংগঠনটি বলছে, ২০২৫ সালে ইসরাইলি বাহিনীর হাতে ৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। এদের বেশিরভাগই গাজার ফিলিস্তিনি সাংবাদিক। এই তালিকায় ইয়েমেনে হুথিদের একটি মিডিয়া সেন্টারে হামলায় নিহত ৩১ জন কর্মীও রয়েছেন।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ১৯৯২ সালে রেকর্ড রাখা শুরু করার পর থেকে কোনো সরকার এত বেশি সাংবাদিককে হত্যা করেনি, যতটা করেছে ইসরাইল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্তত ৪৭ জন সাংবাদিককে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করা হয়েছে, যার মধ্যে ৮১ শতাংশ ঘটনার জন্য দায়ী ইসরাইল।
তবে গাজ্জায় প্রবেশে কড়াকড়ি ও যাচাই-বাছাইয়ের সীমাবদ্ধতার কারণে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। ইসরাইলি সামরিক বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।











