spot_img

একটি দুর্বল আফগানিস্তান চায় পাকিস্তান: হামিদ কারজাই

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে যুক্তিসঙ্গত, যৌক্তিক ও সভ্য সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী নয়; বরং তারা একটি দুর্বল আফগানিস্তান চায়, যা পুরো অঞ্চলের স্বার্থের পরিপন্থী।

বুধবার (১৮ মার্চ) প্রকাশিত স্কাই নিউজের এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে হামিদ কারজাই বলেন, পাকিস্তানের সরকার ও সামরিক বাহিনী অস্থিতিশীলতা এবং দুর্বলতা সৃষ্টির ওপর নির্ভরশীল। তারা আফগানিস্তানকে অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে স্বীকৃতি দিতে ব্যর্থ হচ্ছে।

তিনি বলেন, আফগানিস্তানে যেই ক্ষমতায় থাকুক না কেন, পাকিস্তানি কর্তৃপক্ষ সবসময় তাদের সঙ্গে কোনো না কোনো সমস্যায় জড়িয়ে পড়বে।

কারজাইয়ের মতে, ইসলামাবাদ এখন তাদের নিজেদের নীতিরই পরিণতি ভোগ করছে।

তিনি আরও বলেন, “আফগানিস্তানকে দুর্বল করা এবং নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার জন্য পাকিস্তান যে উগ্রবাদ ও চরমপন্থা ব্যবহার করেছে, এখন তারা সেই নীতির পরিণতি ভোগ করছে। আমরা পাকিস্তানের মঙ্গল কামনা করি। আমরা চাই এটি একটি ভালো, স্থিতিশীল ও শান্তিপূর্ণ দেশ হোক। কিন্তু আফগানিস্তানে তারা যে ভয়াবহ কাজ করছে, তা বন্ধ করতে হবে। আর সেই কাজের দায় আফগানিস্তানের ওপর চাপানোও বন্ধ করতে হবে।”

হামিদ কারজাই পাকিস্তানকে গত চার দশকে ব্যর্থ প্রমাণিত নীতি পরিত্যাগ করে আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, “পাকিস্তানের নেতৃত্বের প্রতি আমার পরামর্শ, আফগানিস্তানের সঙ্গে সভ্য আচরণ করুন। গত চার দশকে যে পদ্ধতিগুলো কাজ করেনি, সেগুলো বন্ধ করুন। ভবিষ্যতেও সেগুলো কাজ করবে না। তাই নতুনভাবে সভ্য সম্পর্কের ভিত্তিতে পথচলা শুরু করা দরকার। এটাই পাকিস্তানের করা উচিত, এবং আমরা এই পরামর্শ দিতে থাকব।”

কাবুলে হাসপাতালে পাকিস্তানের বিমান হামলার প্রসঙ্গ টেনে কারজাই বলেন, একটি দেশের পক্ষে প্রতিবেশী দেশে এভাবে বোমা ফেলে বেসামরিক মানুষ হত্যা করা গ্রহণযোগ্য নয়।

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাম্প্রতিক হামলাগুলো সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছে। তবে কারজাই এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, বাস্তবে বেসামরিক মানুষই লক্ষ্যবস্তু হচ্ছে, এটি অস্বীকার করার সুযোগ নেই।

সবশেষে, আফগানিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট আমেরিকা ও ইরানের প্রতি বার্তা দিয়ে দুই দেশের চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও সংযমের আহ্বান জানান।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ