জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে থাকা একটি ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে গেছেন। ঈদে ঘুরতে যাওয়া মানুষের ভিড়ের মধ্যে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় দুই সহোদরসহ ৪ শিশু নিহত হয়েছে। আরও ২ শিশু নিখোঁজ রয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, ঈদ উপলক্ষে প্রতি বছরই ভাসমান ওই ব্রিজ ও আশপাশের নদীর পাড়ে মানুষের ব্যাপক সমাগম হয়। এবারও ঈদের দিন বিকেলে সেখানে প্রচুর মানুষ জড়ো হন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এদিন অতিরিক্ত চাপের কারণে হঠাৎ সেটি ভেঙে পড়ে।
ব্রিজ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। তবে কয়েকজন শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই ৩ শিশুর মৃত্যু হয়। পরে আরও ১ শিশু মারা যায়।
নিহত ৪ শিশু হলো, দেওয়ানগঞ্জ উপজেলার কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২), একই উপজেলার ডাকাতিয়া পাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০) এবং বেলতলি রেলগেট এলাকার হাবীবুল্লাহর ছেলে আবীর হোসেন (১৪)।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখনও ২ শিশু নিখোঁজ রয়েছে।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।










