spot_img

মার্কিন নাগরিক ডেনিস কয়েলকে মুক্তি দিলো আফগানিস্তান

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও আমেরিকার মধ্যে বন্দি ইস্যুতে কয়েক মাস ধরে চলা টানাপোড়েনের পর, আফগানিস্তানে আটক মার্কিন নাগরিক ডেনিস কয়েলকে মুক্তি দিয়েছে তালেবান সরকার।

মঙ্গলবার (২৪ মার্চ) আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় ডেনিস কয়েলকে মার্কিন প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করে।

ওই প্রতিনিধিদলে ছিলেন আফগানিস্তানে মার্কিন সাবেক বিশেষ দূত জালমায় খলিলজাদ, কাবুলে আরব আমিরাতের রাষ্ট্রদূত এবং আটক ব্যক্তির ভাই।

এই পদক্ষেপের প্রশংসা করে জালমায় খলিলজাদ বলেন, কাবুল ও ওয়াশিংটনের মধ্যে সব বিষয়ে আলোচনা অব্যাহত রাখা জরুরি। তিনি ভবিষ্যতে আরও অগ্রগতির আশা প্রকাশ করেন।

খলিলজাদ বলেন, “আমি আনন্দিত যে আফগানিস্তানে আটক এই মার্কিন নাগরিককে আজ মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি তার নিজ দেশ আমেরিকায় ফিরে যাচ্ছেন। এটি একটি খুবই ভালো সিদ্ধান্ত ছিল।”

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রক্রিয়ায় সহযোগিতা এবং প্রক্রিয়াটি সহজ করতে ভূমিকা রাখার জন্য আরব আমিরাত ও কাতারকে ধন্যবাদ জানিয়েছে।

এদিকে, আমেরিকায় আটক আফগান নাগরিক মুহাম্মাদ রহিমের ছেলে জানান, তিনি জালমায় খলিলজাদের কাছে একটি চিঠি দিয়ে গুয়ানতানামো কারাগার থেকে তার বাবার মুক্তির অনুরোধ করেছেন।

তিনি বলেন, “আগে আমাদের বলা হয়েছিল, তাকে মুক্তি দিয়ে কাতারের কাছে হস্তান্তর করা হবে এবং এতে আমরা খুবই খুশি হয়েছিলাম। কিন্তু কিছু সময় পর তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং আমার বাবা এখনো মুক্তি পাননি। আমি আশা করি, আমেরিকা ও তাদের নেতৃত্ব আমার বাবার মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

অন্যদিকে, আমেরিকার দাবি- ডেনিস কয়েলের পাশাপাশি আরও দুই মার্কিন নাগরিক মাহমুদ শাহ হাবিবি ও পল ওভারবিকেও ইমারাতে ইসলামিয়া আটক করে রেখেছে।

তবে ইমারাতে ইসলামিয়া বরাবরই মাহমুদ শাহ হাবিবিকে আটক রাখার বিষয়টি অস্বীকার করে আসছে।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ