আফগানিস্তানের কুনার প্রদেশে নতুন করে গোলাবর্ষণ করেছে পাকিস্তান। এ হামলায় অন্তত দুইজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানি বাহিনী বিভিন্ন জেলার আবাসিক এলাকাকে লক্ষ্য করে প্রায় ৮৫টি রকেট নিক্ষেপ করেছে। এতে বেসামরিক মানুষের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি অধিদপ্তরের তথ্যপ্রধান জিয়াউর রহমান স্পিন ঘরের মতে, সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে নারি জেলায়। সেখানে একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। সারকানো জেলায় আরও একজন নিহত হয়েছেন এবং সেখানে দুইজন আহত হয়েছেন।
এছাড়া শুলতান, মারাওয়ারা এবং আসাদাবাদের উপকণ্ঠসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত রকেট আঘাত হেনেছে। এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা ব্যাপক আতঙ্ক এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন।
সূত্র: আরিয়ানা নিউজ










