মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নরসিংদীর রায়পুরা উপজেলায় এক মসজিদের ইমামের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে সিরাজনগর নয়াচর গ্রামের জাকির হোসেনের ছেলে মসজিদের ইমাম মো. নাহিদ হাসান (২০) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালেই উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে ঘটনা ঘটে। আহত নাহিদ হাসান ওই এলাকার সিরাজনগর নামাপাড়া পাঞ্জেগানা জামে মসজিদের ইমাম।
আহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কয়েকজন বখাটে যুবক এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করে আসছিল। নাহিদ হাসান এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। হামলার দিন সকালে তিনি বোনের মেয়েকে সঙ্গে নিয়ে ওষুধ কিনতে বাজারে যাচ্ছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে একটি দলে ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত ইমামের পরিবারের অভিযোগ, সুলাইমান, সিয়াম, প্রান্ত, সাগর, মারুফ, সোহানসহ মোট ১০–১২ জনের বিরুদ্ধে এ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছেন। পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থার আহ্বান জানানো হয়েছে।
রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ নিশ্চিত করেছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লিখিত অভিযোগ পাওয়ার আগেই অভিযুক্তদের নাম শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, এই ধরনের হামলা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। নাহিদ হাসান আগে থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতার কাজে সম্পৃক্ত ছিলেন।










