১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ইউনিপেক নামের চীনের একটি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী ‘এমটি গ্রান কুভা’ নামের জাহাজে এ জ্বালানি সরবরাহ করেছে।
শুক্রবার (২৭ মার্চ) এ তেল খালাসের কথা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিপিসির জ্যেষ্ষ্ঠ মহাব্যবস্থাপক ইউসুফ হোসেন ভুঁইয়া যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার পর্যন্ত ২ লাখ টন ডিজেল মজুত আছে। নতুন আসা ১০ হাজার লিটার ডিজেল এর সঙ্গে যুক্ত হবে। আমদানি করা ডিজেল পরিবহণ ও শিল্প খাতে ব্যবহার করা হবে। অন্যদিকে জেট ফুয়েল সরবরাহ করা হবে বিমানবন্দরগুলোতে।
ডিজেল, পেট্রল, অকটেন, জেট ফুয়েলসহ ৫ ক্যাটাগরির জ্বালানি তেল আমদানি ও সরবরাহ করে বিপিসি। দেশের ডিপোগুলোতে মজুত তেল ও পাইপলাইনে থাকা তেলে আগামী এপ্রিল পর্যন্ত সামাল দেওয়া যাবে বলে জানিয়েছেন বিপিসির মহাব্যবস্থাপক ইউসুফ হোসেন।










