spot_img

লেবাননে তিন সাংবাদিককে হত্যা করল ইসরাইল

লেবাননে ইসরাইলি হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। একটি গাড়িকে লক্ষ্য করে চালানো এই হামলায় ওই তিন সাংবাদিক নিহত হন। তাদের মধ্যে একজন হিজবুল্লাহ-ঘনিষ্ঠ টেলিভিশনের প্রতিবেদক। এছাড়া একই হামলায় ভাইয়ের সঙ্গে প্রাণ হারিয়েছেন এক নারী সাংবাদিক।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত টেলিভিশন আল মানারের প্রতিবেদক আলি শুয়াইব রয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, শুয়াইব ‘সাংবাদিকতার ছদ্মবেশে সন্ত্রাসী হিসেবে কাজ করছিলেন’ এবং দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের অবস্থান প্রকাশ করছিলেন। অন্যদিকে আল মানার তাদের প্রতিবেদনে শুয়াইবকে ‘প্রতিরোধের প্রতীক সাংবাদিক’ হিসেবে উল্লেখ করেছে।

ইরানপন্থি ও হিজবুল্লাহ সমর্থিত আল মায়াদিন চ্যানেল জানিয়েছে, একই হামলায় আপন ভাইবোন ফাতিমা তৌনি ও মুহাম্মাদ তৌনিও নিহত হয়েছেন। লেবাননের প্রেসিডেন্টের দপ্তর এই হামলাকে ‘স্পষ্ট অপরাধ’ বলে অভিহিত করেছে।

অবশ্য ইসরাইলের বিবৃতিতে অন্য দুই সাংবাদিকের বিষয়ে কিছু বলা হয়নি।

আল মায়াদিন প্রকাশিত এক ভিডিওতে ফাতিমা ও মুহাম্মাদ তৌনির বাবা বলেন, তিনি তাদের নিয়ে গর্বিত। তিনি বলেন, ‘আমি একজন বাবা হিসেবে মাথা উঁচু করে দাঁড়াই। চোখে পানি আসে, হৃদয়ে কষ্ট থাকে, কিন্তু আমরা ভেঙে পড়ি না।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ