spot_img

আগ্রাসনকারীর পা কেটে দেওয়ার হুঁশিয়ারি দিল ইরানের সেনাবাহিনী

ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালালে আগ্রাসনকারীর পা কেটে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি এ হুঁশিয়ারি দেন।

ইব্রাহিম জোলফাকারি বলেন, শত্রুরা ইরানে হামলা চালিয়ে ভুল করেছে। এখন তারা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চাইছে। কিন্তু তা কখনো হবে না।

তিনি বলেন, “আমেরিকা ও ইসরাইলি শত্রুদের এই কৌশলগত ভুল তাদের চরম অপমানের মুখে ফেলেছে এবং ধ্বংসের পথে ঠেলে দিয়েছে।”

তিনি আরও বলেন, “শত্রুরা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অপপ্রচার চালিয়ে এবং নারী-শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করে এই জাতিকে নতি স্বীকার করাতে চাইছে। কিন্তু ইরান প্রমাণ করেছে যে, ইতিহাসের কোনো পর্যায়েই তারা শত্রুর সামনে মাথা নত করেনি।”

হরমুজ প্রণালি প্রসঙ্গে ইব্রাহিম জোলফাকারি বলেন, “শত্রু ও তাদের মিত্রদের জন্য বন্ধ করে দেওয়া হরমুজ প্রণালি পুনরায় খোলার চেষ্টা করছে শত্রুরা। কিন্তু এটি কখনো সম্ভব হবে না। তাদের এ ইচ্ছা কখনো পূরণ হবে না। তারা এ ইচ্ছা চিরদিনের জন্য কবরে নিয়ে যাবে।”

ইরানের ওপর আগ্রাসনকারীদের বিষয়ে সতর্কতা উচ্চারণ করে তিনি বলেন, “দেশের ওপর আক্রমণকারী যেকোনো আগ্রাসীর পা এই জাতি এবং সশস্ত্র বাহিনী কেটে ফেলবে এবং তাদের চরম লাঞ্ছনা ও অপদস্থতার মুখে ফেলবে।”

সূত্র : প্রেস টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ