বিএনপি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়, এমনটা বলেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে চিফ হুইপ বলেন, ‘আমাদের নেতা বলছেন, আমরা হ্যাঁ-এর পক্ষে। হ্যাঁ-এর পক্ষে থেকে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। আমরা করছি, করা শুরু করেছি।’
শুক্রবার (৩ এপ্রিল) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজনে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দল জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে চিফ হুইপ বলেন, ‘তারা বলছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন চায় না, বিএনপি জুলাই সনদের বিপক্ষে। আসলে বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয়, বিএনপি জুলাই সনদের পক্ষে। আমরা সেখানে ভিন্নমত পোষণ করেছি এবং তা লিখিতভাবে জানিয়েছি। কিন্তু জুলাই সনদের যে খসড়া আমাদের সামনে তুলে ধরা হয়েছিল, সেখানে ভিন্নমতের কোনো কথা ছিল না। তখন আমরা আপত্তি জানিয়েছি, যাতে ভিন্নমতগুলো অন্তর্ভুক্ত করা হয়। পরে সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর কী হয়েছে? তারা (জামায়াতকে উদ্দেশ করে) অস্বস্তিতে পড়েছে।’
নূরুল ইসলাম মনি বিরোধী দলকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘আপনারা খেয়াল করে দেখবেন, তিন দিন আগে বিরোধীদলীয় নেতা একটি প্রস্তাব পার্লামেন্টে এনেছেন। মূলত প্রস্তাবটি আনার পর তারা বলেছেন, জুলাই সনদের একটি অর্ডার আছে, সেটি বাস্তবায়ন করা হোক। কিন্তু যে প্রস্তাব আনা হয়েছে, সেটি সংবিধানসম্মত নয়। এই অর্ডারটি কোনো অধ্যাদেশ নয়, কোনো আইন নয়, সংবিধানসম্মতও নয়। তাই আমরা এর বিরোধিতা করেছি। এ কারণে আমরা আরেকটি প্রস্তাব এনেছি, যেখানে কী প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, তা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে আগামী রোববার আলোচনা হবে, ইনশাআল্লাহ। এ জন্য তিনি দেশের মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন।’











