দেশে তিন দিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল)। দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-5) রক্ষণাবেক্ষণ ও মেরামতের কারণে সেবা বিঘ্নিত হতে পারে বলে জানানো হয়। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিসিএল কর্তৃপক্ষ।
বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল)-এর মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মুহাম্মদ জাকিরুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের ‘শাট ফল্ট’ মেরামতের কাজ শুরু হবে বৃহস্পতিবার। ওই দিন রাত ১০টা থেকে শুরু হয়ে মেরামতকাজ চলবে সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত। অর্থাৎ, মোট ৩ দিন ৮ ঘণ্টা চলবে এই রক্ষণাবেক্ষণকাজ।
ফলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী তিন দিন সারা দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। এই সময়ে ইন্টারনেট সেবায় ধীরগতি থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কনসোর্টিয়ামের মাধ্যমে দ্রুত মেরামতকাজ সম্পন্ন করার চেষ্টা চলছে। সঠিকভাবে মেরামত শেষে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা হবে।











