spot_img
spot_img

অবশেষে হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে রাজি হল ভারত

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা ও জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ শহীদ ওসমান হাদি হত্যার দুই আসামিকে অবশেষে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হয়েছে ভারত।

বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিন, নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

অতঃপর, পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শহীদ ওসমান হাদি হত্যার প্রধান সন্দেহভাজনদের গ্রেপ্তার করায় ভারতকে ধন্যবাদ জানিয়েছেন ড. খলিলুর রহমান। উভয়পক্ষ প্রত্যর্পণ চুক্তির পদ্ধতি অনুসারে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে রাজি হয়েছে।

এছাড়াও, ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন।

ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সদ্য নির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে এবং পারস্পরিক আস্থা, সম্মান ও উভয়পক্ষের সুবিধার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

মন্ত্রী জয়শঙ্কর জানান, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতকে ধন্যবাদ জানান বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য এবং ডিজেল ও সারের পরিমাণ বাড়ানোর অনুরোধ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

তিন দিনের সফরে মঙ্গলবার দিল্লি গেছেন পররাষ্ট্রমন্ত্রী; আগামীকাল ৯ এপ্রিল দুপুরে তিনি মরিশাসের উদ্দেশ্যে দিল্লি ছাড়বেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ