বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জুলাই সনদকে নিয়ে বিরোধী দল যেভাবে উপস্থাপন করছে, তাতে সরকার ও বিরোধী দলকে মুখোমুখি অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা জুলাই সনদকে মানি এবং এর প্রতিটি দফাকেই সম্মান করি।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় ভোলা শহরের উকিলপাড়ায় শান্ত নীড় প্রাঙ্গণে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বাবা, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই সনদ নিয়ে বিরোধী দল শুধু শুধু বিভ্রান্তি সৃষ্টি করছে যে, আমরা এটা মানি না, মানবো না বা এটি প্রতারণা। আমার মনে হয়, ‘প্রতারণা’ শব্দটি অনেক শক্তিশালী; এ অবস্থান থেকে বিরোধী দলকে বেরিয়ে আসা উচিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া, নাজিউর রহমান মঞ্জুর পরিবারের অন্যান্য সদস্য ছাড়াও ভোলা জেলা বিএনপি, বিজেপি ও বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান শেষ হয়।











