spot_img
spot_img

ইমরান খানকে নতি স্বীকার করাতে তার স্ত্রীকে অমানবিক নির্যাতন করা হচ্ছে: আলিমা খানম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে বিচার বিভাগের কাছে নতি স্বীকার করাতে বাধ্য করার উদ্দেশ্যে তার স্ত্রী বুশরা বিবিকে কারাগারে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রেখে অমানবিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার বোন আলিমা খানম।

তিনি বলেন, ইমরান খান ও বুশরা বিবিকে অত্যন্ত ‘নিষ্ঠুর পরিস্থিতির’ মধ্যে নির্জন কারাবাসে রাখা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

আলিমা খানম এই পরিস্থিতির জন্য বিচার বিভাগকে দায়ী করে বলেন, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ইচ্ছাকৃতভাবে তাদের জামিন শুনানি স্থগিত রাখছেন, যাতে তাদের কারাবাস দীর্ঘায়িত করা যায়।

ইমরান খানের আইনজীবী সালমান সাফদারের বরাত দিয়ে তিনি জানান, বুশরা বিবিকে দীর্ঘ সময় ধরে লোকচক্ষুর অন্তরালে রেখে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে, যাতে ইমরান খান সরকারের সঙ্গে কোনো সমঝোতায় আসতে বাধ্য হন। তবে ইমরান খান তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন যে, তিনি যেকোনো পরিস্থিতি সহ্য করতে প্রস্তুত, কিন্তু তার স্ত্রীকে ব্ল্যাকমেইল করার এই কৌশল সফল হবে না।

ইমরান খান তার বার্তায় স্পষ্টভাবে বলেছেন, “কোনো সমঝোতা নয়, কোনো আত্মসমর্পণ নয়; হয় মুক্তি, নয় মৃত্যু।”

আলিমা খানম আরও অভিযোগ করেন, বর্তমান সরকার ইমরান খানের ম্যান্ডেট চুরি করে ক্ষমতায় এসেছে এবং বিচারক ডগার সরাসরি সরকারকে এই কাজে সহযোগিতা করছেন।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ