spot_img
spot_img

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি বলেছেন, জ্বালানি সংকট মোকাবিলায় ২০৩০ সালের মধ্যে সরকার নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তি ব্যবহার করে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এজন্য মন্ত্রিসভার বৈঠকে “নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫” এবং “নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক প্রকল্পে বিনিয়োগ সহজীকরণ” ও “নবায়নযোগ্য জ্বালানি প্রসারের প্রস্তাব” অনুমোদনের বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এ তথ্য জানান।

এর আগে, এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়।

মন্ত্রিসভার বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী ২০৩০ সালের মধ্যে জ্বালানি খাতের এই লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি জমির পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও বড় পরিসরে বিনিয়োগের সুযোগ দেওয়া হবে।

তিনি বলেন, বর্তমান নীতিমালাকে আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে এটি রিভিউ করা হয়েছে, যাতে উদ্যোক্তারা সহজে বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পারেন। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি চূড়ান্ত অনুমোদনের পর কাজ শুরু করবে। প্রয়োজনে দ্রুততম সময়ের মধ্যে আইন ও নীতিমালা চূড়ান্ত করা হবে।

সৌরবিদ্যুতের পাশাপাশি উইন্ডমিল (বায়ুশক্তি) এবং বায়োগ্যাস নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তবে ১০ হাজার মেগাওয়াটের মূল লক্ষ্যমাত্রা শুধুই সৌরবিদ্যুতের জন্য নির্ধারিত।

বর্তমানে প্রচলিত সোলার সিস্টেমের সীমাবদ্ধতা কাটিয়ে এটিকে আরও আধুনিক ও টেকসই করতে দেশীয় উৎপাদনের ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ