হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রাত ১১টা ৩৫ মিনিটে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগেই হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। তার পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আল্লাহর মেহমানদের জন্য কয়েক ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লক্ষ বোতল মিনারেল ওয়াটার, যা হজক্যাম্পে আগত হজযাত্রীদের মধ্যে সরবরাহ করা হচ্ছে।
এছাড়া, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, ইহরাম, সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর পাঠানো হয়েছে। এসব উপহারসামগ্রী প্যাকেটজাত করা হয়েছে এবং তা উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের কাছে হস্তান্তর করা হবে।
উদ্বোধনী হজ ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন।











