বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, বগুড়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী গাবতলীর বাগবাড়ী এলাকায় পৌঁছান। সেখানে তিনি সুবিধাভোগী নারীদের হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন এবং কর্মসূচির লক্ষ্য ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন।
ফ্যামিলি কার্ড কর্মসূচি মূলত নিম্নআয়, অসচ্ছল ও ঝুঁকিপূর্ণ পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এ কার্ডের আওতায় নির্বাচিত পরিবারগুলোকে মাসিক ভাতা দেওয়া হবে। সরকারি
ঘোষণায় বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে কার্ডধারী প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা পাবে, যা মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠানো হবে।
সরকারি সূত্রগুলো বলছে, জাতীয় পর্যায়ে মার্চ মাসে এই কর্মসূচির সূচনা হলেও মাঠপর্যায়ে বগুড়ার এই আয়োজনকে বড় পরিসরের পাইলট বাস্তবায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। বগুড়াসহ কয়েকটি এলাকায় উপকারভোগী নির্বাচন, তথ্য যাচাই ও তালিকা প্রস্তুতের কাজ আগেই সম্পন্ন করা হয়েছে।











