spot_img
spot_img

পাকিস্তানের সঙ্গে সমস্যা সাময়িক, শিগগিরই সমাধান হবে: আফগান বাণিজ্যমন্ত্রী

সাত মাসেরও বেশি সময় ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য এবং ট্রানজিট কার্যক্রম বন্ধ থাকার প্রেক্ষাপটে ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূর উদ্দীন আজিজী আশাবাদ ব্যক্ত করেছেন যে দুই দেশের মধ্যে চলমান সমস্যা সাময়িক এবং শিগগিরই এর সমাধান হবে। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে বিদ্যমান জটিলতা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব এবং এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি আসবে বলে তিনি বিশ্বাস করেন।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নূরউদ্দীন আজিজী বলেন, পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানের পণ্য পরিবহন সুবিধা একটি মৌলিক অধিকার। শেষ পর্যন্ত ইসলামাবাদ এই পথ পুনরায় খুলে দেবে।

তিনি বলেন, আমরা সব দেশের সঙ্গে বাণিজ্য করি এবং আমাদের পণ্য পরিবহনের পথগুলো খোলা রয়েছে। পাকিস্তানের সঙ্গে যে সমস্যাগুলো রয়েছে, তা সাময়িক। আমি বিশ্বাস করি, এই দেশটি বিষয়টি উপলব্ধি করবে এবং ইসলামি আমিরাতের ইচ্ছা ও পরিকল্পনা বুঝতে পারবে।

তিনি আরও বলেন, সামগ্রিকভাবে আফগানিস্তান বাণিজ্যে কোনো বড় চ্যালেঞ্জের মুখে নেই। তবে কিছু দেশ কাবুলের সঙ্গে পক্ষপাতমূলক করে আচরণ করছে।

আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আফগানিস্তান বিশ্বের ৮০টি দেশের সঙ্গে বাণিজ্য করছে।

এদিকে, আফগানিস্তান কৃষি ও প্রাণিসম্পদ চেম্বার জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য পুনরায় চালু হওয়া দেশের কৃষিখাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চেম্বারটির প্রথম সহ-সভাপতি মিরওয়াইস হাজিজাদা বলেন, “কাবুল ও ইসলামাবাদের মধ্যে বাণিজ্য এখন রাজনৈতিক হয়ে উঠেছে। রাজনৈতিক পরিস্থিতি উন্নত হলে বাণিজ্যও বাড়বে। তবে তোরখামের মতো পথ বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আফগান ও পাকিস্তানি ব্যবসায়ীদের মধ্যে শক্ত সম্পর্ক রয়েছে এবং তাদের মধ্যে কোনো সমস্যা নেই।”

অর্থনৈতিক বিশ্লেষক হাসীবুল্লাহ সাফি বলেন, “প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আফগানিস্তানের জন্য উপকারী। এতে রপ্তানি ও আমদানি উভয়ই বাড়তে পারে।”

উল্লেখ্য, রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে পাকিস্তানের মাধ্যমে বাণিজ্য ও পণ্য পরিবহন স্থগিত থাকায় দুই দেশের ব্যবসায়ী ও কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ