কাতারে অবস্থানরত এবং আমেরিকা যাওয়ার অনুমতির অপেক্ষায় থাকা আফগান নাগরিকদের নিজ দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। দেশটি বলেছে, আফগানিস্তান নিরাপদ এবং সবার জন্য উন্মুক্ত
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি এক বিবৃতে বলেন, আমেরিকা যাওয়ার অনুমতির অপেক্ষায় থাকা আফগান নাগরিকদের হয় আফগানিস্তানে ফিরে যেতে, অথবা তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের চেষ্টা করতে।
বালখি বলেন, আফগানিস্তান সমস্ত আফগানদের অভিন্ন মাতৃভূমি।
তিনি সংশ্লিষ্টদের পূর্ণ আস্থা ও মানসিক শান্তি নিয়ে দেশে ফিরে আসার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, নিরাপত্তাজনিত কারণে কোনো নাগরিককে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে না।
তিনি আরও বলেন, যারা অন্য কোথাও যেতে চান, তারা উপযুক্ত সময়ে আইনসম্মত ও সম্মানজনক উপায়ে তা করতে পারবেন।
মন্ত্রণালয় আরও জানায়, বিদেশে অবস্থানরত আফগান নাগরিকদের অধিকার সুরক্ষায় দ্বিপাক্ষিক কনস্যুলার ব্যবস্থার আওতায় অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত।
২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে হাজার হাজার আফগান বিভিন্ন দেশে পুনর্বাসনের অপেক্ষায় রয়েছেন। তাদের মধ্যে অনেকে আমেরিকায় পুনর্বাসনের ভিসা পেতে কাতার ও পাকিস্তানের মতো তৃতীয় দেশের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করছেন।
সূত্র: মিডল ইস্ট মানিটোর











