spot_img
spot_img

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: ডা. জোবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জোবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। সরকার এমন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে কোনো নাগরিক প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জোবাইদা রহমান বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত চাপের মুখে। মানসম্মত সেবা পেতে প্রতিদিন লাখো মানুষ লড়াই করছে। স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ সরাসরি জনগণ বহন করে। ফলে অসুস্থতা এখন দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ।

কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তিবাসীর জন্য সর্বাত্মক স্বাস্থ্যসেবা নিশ্চিতের কথা উল্লেখ করে তিনি বলেন, নবজাতক থেকে বয়োজ্যেষ্ঠ সবাই যেন সুচিকিৎসা পায় এবং অন্তঃসত্ত্বা মা-বোনেরা যেন দ্রুত চিকিৎসা পায়, সেটিই তাদের লক্ষ্য।

এর আগে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্যাথলজি প্যাভিলিয়ন, গ্যাস্ট্রোলিভার সেন্টার ও ৫০ শয্যার আইসিইউ উদ্বোধন করেন। পরে আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ