spot_img
spot_img

নির্বাচনের পর পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে সেখানে মুসলমান এবং বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন হচ্ছে। এটার প্রভাব বাংলাদেশেও পড়বে। এজন্য আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

বৃহস্পতিবার (৭ মে) বন্দরনগরী চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সহস্রাধিক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন। এ যোগদান উপলক্ষ্যে নগরীর প্রেসক্লাবে অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি।‌ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ সব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখিয়ে দিতে চাই, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ দেশ।’

এনসিপিতে যোগ দেয়া নেতাকর্মীদের স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপির যে বসন্ত চলমান, সে বসন্তের ফুল হয়ে আপনারা ফুটেছেন। আমরা বিশ্বাস করি এ বসন্তের সুবাতাস ছড়িয়ে যাবে বাংলার প্রতিটি আনাচে কানাচে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে নতুন করে সংকট তৈরি হয়েছে। সংসদে রাখঢাক ছাড়া বলা হলো, তারা নির্বাচনের জন্য সংস্কার মেনে নিয়েছিল। আমরা বারবার বলেছি, সংস্কার এবং বিচার এনসিপিকে আদায় করে নিতে হবে। সংসদ এবং রাজপথের লড়াইয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বোনদের জন্য রাজনীতিতে নিরাপদ পরিবেশ তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের ইতিহাস, লড়াই সংগ্রামের ইতিহাস। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। চট্টগ্রামের মানুষ জীবন দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানেও চট্টগ্রামের জনগণ এ দেশের মানুষের জন্য ভূমিকা রেখেছে, গণতন্ত্রের জন্য ভূমিকা রেখেছে। চট্টগ্রামের ইতিহাস হাবিলদার রজব আলীর ইতিহাস, চট্টগ্রামের ইতিহাস প্রীতিলতা, সূর্যসেনের ইতিহাস। আমরা তাদের ধারণ করে পথ চলি। তাদের ধারণ করেই চট্টগ্রামে লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারের পতন ঘটিয়েছে।’

অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন, যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ, যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমাসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ