গুয়ান্তানামো বে কারাগারে আটক আফগান বন্দী মুহাম্মাদ রহিমের মুক্তি চেয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
আফগান মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজিহিদ বলেন, গুয়ান্তানামোতে দীর্ঘদিন ধরে আটক আফগান বন্দীদের একজন মুহাম্মাদ রহিম। তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি। তাই তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত।
তোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাওলা মুজাহিদ এ কথা বলেন।
মুজাহিদ জানান, ইমারাতে ইসলামিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছে এবং এখনো তার মুক্তির দাবিতে অনড় রয়েছে।
তিনি বলেন, “মুহাম্মদ রহিম গুয়ান্তানামোতে আটক সবচেয়ে পুরোনো আফগান বন্দীদের একজন। তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি এবং তার পরিবারের সঙ্গে তার পুনর্মিলন হওয়া উচিত।”
এদিকে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, গত কয়েক বছরে গুয়ান্তানামোতে আফগানদের আটক রাখা আন্তর্জাতিক আইন ও নীতিমালার পরিপন্থী ছিল। এতে কোনো ইতিবাচক ফলও আসেনি।
রাজনৈতিক বিশ্লেষক আবদুস সাদিক হামিদজয় বলেন, “আমেরিকা সব ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আফগানদের গুয়ান্তানামোতে বন্দী করে রেখেছে। আফগানিস্তানে যেসব আমেরিকান আটক হয়েছিল, তাদের আটকের অবশ্যই কারণ ছিল এবং তাদের অন্যায়ভাবে কারাবন্দী করা হয়নি। আলোচনা ও সম্পৃক্ততা প্রয়োজন। আমেরিকার উচিত আফগানিস্তানের সঙ্গে সম্পৃক্ততার পথ অনুসরণ করা।”
মোহাম্মদ রহিমকে ২০০৭ সালে পাকিস্তানের লাহোর থেকে গ্রেফতার করা হয়। পরে ২০০৮ সালে তাকে গুয়ান্তানামো বে কারাগারে স্থানান্তর করা হয়।
সাক্ষাৎকারে মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বিদেশে বসবাসরত সব আফগানকে দেশে ফিরে আসার আহ্বানও জানিয়ে বলেন, “আমরা চাই, বিদেশে বসবাসরত সব আফগান আফগানিস্তানে ফিরে আসুক।”
সূত্র: তোলো নিউজ











