বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আইটি সেবার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা আইটির মাধ্যমে অনেক কিছু করেছে, তবে জনগণের জন্য কিছুই সহজ করেনি।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে নরসিংদীর পলাশে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, বিগত ৪৫ বছরেও নিজের নামে তিনি নামজারি করতে পারেননি।
তিনি বলেন, সেবার নামে শুধু মুখরোচক কথা বললেই হবে না। দেশের আইটি ব্যবস্থা সহজ করে প্রতিটি মানুষের সেবা নেওয়ার প্রক্রিয়াও সহজভাবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ভূমিসেবার জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যে দেশব্যাপী ভূমিসেবা চালু করা হয়েছে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন।
পরে ড. আবদুল মঈন খান পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফের চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।











