spot_img
spot_img

আধুনিক আফগানিস্তানের জনক আহমদ শাহ আবদালীর ২৫৪তম মৃত্যুবার্ষিকী আজ

আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠাতা এবং আফগানদের কাছে ‘বাবা’ নামে পরিচিত আহমদ শাহ আবদালীর ২৫৪তম মৃত্যুবার্ষিকী আজ পালিত হচ্ছে।

২৫৪ বছর আগে আফগানিস্তানের প্রথম ও শেষ সম্রাট হিসেবে ব্যাপকভাবে বিবেচিত এই শাসক ইন্তেকাল করেন। তিনি খোরাসান থেকে উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত বিশাল ভূখণ্ডে ২৫ বছর শাসন করেছিলেন।

আহমদ শাহ আবদালী ১৭৪৭ সালে নাদের শাহ আফশারের মৃত্যুর পর ক্ষমতায় আসেন। এরপর নিজের নেতৃত্ব, দূরদর্শিতা ও কৌশলগত প্রজ্ঞার মাধ্যমে তিনি প্রতিবেশী গোত্রগুলোকে ঐক্যবদ্ধ করেন। একই সঙ্গে বর্তমান আফগানিস্তানের সীমানার বহু দূর পর্যন্ত নিজের শাসন বিস্তৃত করেন।

আফগান ইতিহাসে আহমদ শাহ আবদালীকে শুধু একজন শাসক হিসেবে নয়, বরং আধুনিক আফগান রাষ্ট্রগঠনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। বিচ্ছিন্ন গোত্রগুলোকে ঐক্যবদ্ধ করে তিনি যে রাজনৈতিক ভিত্তি গড়ে তোলেন, তা পরবর্তী সময়ে আফগানিস্তানের রাষ্ট্রীয় পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তার সাম্রাজ্য সর্বোচ্চ বিস্তৃতির সময়ে বর্তমান আফগানিস্তানের পুরো ভূখণ্ড, পাকিস্তান ও কাশ্মীরের বড় অংশ এবং ভারতের পাঞ্জাব অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। ঐতিহাসিক পানিপথের যুদ্ধে মারাঠাদের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ফেলে পাঞ্জাব অঞ্চলে নিজের কর্তৃত্ব সুসংহত করেন তিনি।

এছাড়া পূর্ব ইরানের মাশহাদ ও খোরাসান অঞ্চলও তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ইতিহাসবিদরা এসব ভূখণ্ডকে আফগান সাম্রাজ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করেন।

সম্রাট আহমদ শাহ আবদালী ১৭৭২ সালের জুন মাসে অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন। পরে তাকে তার পৈতৃক ভূমি কান্দাহারে দাফন করা হয়।

বর্তমানে কান্দাহারে তার সমাধি আফগান ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় স্মৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। প্রতিদিন দেশি-বিদেশি পর্যটকরা ঐতিহাসিক এই স্থাপনা পরিদর্শন করতে আসেন।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ