দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি সেনা ও সামরিক যানবাহনের একটি সমাবেশ লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।
সোমবার (৮ জুন) সকালে টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি করে।
হিজবুল্লাহ জানায়, দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুন এলাকার উপকণ্ঠে অবস্থানরত ইসরাইলি সেনাদের একটি জমায়েত লক্ষ্য করে রকেটের ব্যারাজ ছোড়া হয়েছে।
সংগঠনটি বলেছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরাইলের হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইল। হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে দক্ষিণ লেবাননে স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের দাবি, উত্তর ইসরাইলের দিকে হিজবুল্লাহর রকেট হামলা ঠেকানোর উদ্দেশ্যেই এই হামলা পরিচালনা করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: বিবিসি











